তিরুঅনন্তপুরমে বিধ্বংসী ইনিংস খেলেছেন বিরাট কোহলি। ৮৮ বলে ১৩৯ রানের ইনিংস খেলেছেন। এই ইনিংসের মাঝে সাতটি রেকর্ড গড়েছেন ভারতীয় ব্যাটার।
তিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরান করেছেন বিরাট কোহলি। ১৩৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। এই ইনিংসের মাঝে সাতটি রেকর্ড গড়েছেন কোহলি।
১) দ্রুততম ১৫,০০০ রান
এক দিনের ক্রিকেটে সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ব্যাটার হিসাবে ১৫,০০০ রান করেছেন কোহলি। তবে সচিনের থেকে কম ইনিংসে এই রেকর্ড গড়েছেন তিনি। ৩০৩ ইনিংসে ১৫,০০০ রানের মাইলফলকে পৌঁছেছেন কোহলি। সচিন সেখানে নিয়েছিলেন ৩৭৭ ইনিংস।
২) সর্বাধিক লিস্ট এ শতরান
তিরুঅনন্তপুরমে শতরানের পর লিস্ট এ ক্রিকেটে ৬০টি শতরান হয়েছে কোহলির। সচিনেরও ৬০টি শতরান রয়েছে। এত দিন একাই শীর্ষে ছিলেন সচিন। তাঁকে ছুঁয়েছেন কোহলি। সচিনের থেকে অবশ্য অনেক কম ইনিংসে এই কীর্তি গড়েছেন কোহলি। তিনি নিয়েছেন ৩৩৮ ইনিংস। সচিন নিয়েছিলেন ৫৩৮ ইনিংস।
৩) দেশের মাটিতে এক দিনের ক্রিকেটে সর্বাধিক রান
ভারতের মাটিতে এক দিনের ক্রিকেটে ১৩১ ম্যাচে ৭০০৬ রান করেছেন কোহলি। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি নিজের দেশের মাটিতে ৭ হাজারের বেশি রান করেছেন। এত দিন এই রেকর্ডও ছিল সচিনের দখলে। তিনি ভারতের মাটিতে ১৬৪ ম্যাচে ৬৯৭৬ রান করেছেন। সেই রেকর্ড ভেঙেছেন কোহলি।
৪) দেশের মাটিতে এক দিনের ক্রিকেটে সর্বাধিক শতরান
ভারতের মাটিতে এটি এক দিনের ক্রিকেটে কোহলির ৪২তম শতরান। ২৩২ ম্যাচে এই কীর্তি গড়েছেন তিনি। দেশের মাটিতে এক দিনের ক্রিকেটে সচিনেরও ৪২টি শতরান রয়েছে। তিনি নিয়েছেন ২৫৮ ম্যাচ।
৫) রান তাড়া করতে নেমে সর্বাধিক শতরান
এক দিনের ক্রিকেটে রান তাড়া করতে নেমে ৩০টি শতরান করেছেন কোহলি। বাকিদের থেকে অনেক এগিয়ে তিনি। দ্বিতীয় স্থানে রোহিত শর্মা। রান তাড়া করতে নেমে ১৮টি শতরান করেছেন তিনি।
৬) একটি দেশের বিরুদ্ধে সর্বাধিক শতরান
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এটি কোহলির ১০ নম্বর শতরান। একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে এত শতরান আর কারও নেই। শুধু ওয়েস্ট ইন্ডিজ় নয়, শ্রীলঙ্কার বিরুদ্ধেও এক দিনের ক্রিকেটে কোহলির ১০টি শতরান রয়েছে। সব ফরম্যাট মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে কোহলির ১৩টি শতরান রয়েছে। সুনীল গাওস্করের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে তিনি।
৭) কেরিয়ারে সেরা স্ট্রাইক রেট
এক দিনের ক্রিকেটে ৯৪ স্ট্রাইক রেটে রান করছেন কোহলি। তাঁর কেরিয়ারে এটি সর্বাধিক স্ট্রাইক রেট। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে ৯টি ছক্কা মেরেছেন কোহলি। এক দিনের ক্রিকেটে রান তাড়া করতে নেমে দ্বিতীয় সর্বাধিক ছক্কা মেরেছেন তিনি। শীর্ষে মহেন্দ্র সিংহ ধোনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০টি ছক্কা মেরেছিলেন তিনি।

