‘বৈভব যা করেছে, অন্যেরা স্বপ্নেও ভাবতে পারে না,’ কিশোর ব্যাটারের সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন জুরেল

‘বৈভব যা করেছে, অন্যেরা স্বপ্নেও ভাবতে পারে না,’ কিশোর ব্যাটারের সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন জুরেল

আইপিএলে এবং বয়সভিত্তিক ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের পর ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছে বৈভব সূর্যবংশী। পাঁচটি ম্যাচ খেললেও শ্রেয়স আয়ারের দলের প্রথম একাদশে নিশ্চিত জায়গা করতে পারেনি। তবু ১৫ বছরের ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ ধ্রুব জুরেল। তাঁর দাবি, বৈভব এই বয়সে যা করেছে, তা অন্যেরা ভাবতেই পারে না।

এই বয়সেই ক্রিকেটমহলের নজর কেড়ে নিয়েছে বৈভব। ক্রিকেটপ্রেমীদের মধ্যে জনপ্রিয়তাও বাড়ছে। এত কম বয়সে আন্তর্জাতিক স্তরে সাফল্য পাওয়া বৈভবকে বিশ্বের অন্যতম সেরা প্রতিভাবান খেলোয়াড় হিসেবে চিহ্নিত করা হচ্ছে। কারও কারও মতে, কমবয়সি খেলোয়াড়দের মধ্যে স্পেনের ফুটবলার লামিনে ইয়ামালের চেয়ে আর কেউ জনপ্রিয়তায় বৈভবের চেয়ে এগিয়ে নেই। তা-ও ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, বৈভবকে এখন অপেক্ষা করতে হবে।

অনেকে মনে করছেন সঞ্জু স্যামসনকে খেলানোর জন্যই বৈভবের মতো প্রতিভাকে সাজঘরে বসিয়ে রাখছেন গম্ভীর। জুরেল বিষয়টিকে এ ভাবে দেখছেন না। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘বৈভব যোগ্য বলেই সব জায়গায় প্রশংসিত হচ্ছে। ও এই বয়সেই যা করে দেখিয়েছে, তা অন্যেরা স্বপ্নেও ভাবতে পারে না। একটা ১৫ বছরের বাচ্চা সকলকে উড়িয়ে দিচ্ছে! অভাবনীয়। আমার একটুও ঈর্ষা নেই। ওর সঙ্গে কারও তুলনা করাও ঠিক নয়। কী তুলনা করবেন? কোনও যুক্তি নেই।’’

প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে জুরেল আরও বলেছেন, ‘‘তুলনা তখনই সম্ভব, যখন কিছু মিল থাকে। বৈভব একটু বেশিই ভাল। অবিশ্বাস্য একটা বাচ্চা। আমরা ওর দিকে তাকিয়ে থাকি। ও আমাদের মতো ব্যাটারদের জীবন সহজ করে দিয়েছে। পাওয়ার প্লে-তে ওর আগ্রাসী ব্যাটিং দেখা ছাড়া কোনও উপায় থাকে না। কেউ মনে করতে পারে, সুযোগ পেলে সেও বৈভবের মতো খেলবে, তা হলে ভুল।’’

জুরেল জানিয়েছেন, প্রথম একাদশে সুযোগ না পেলেও বৈভব কখনও মনমরা হয়ে বসে থাকে না। সব সময় হাসিখুশি থাকে। দলের সিনিয়রদের কাছ থেকে শেখার চেষ্টা করে। বৈভবকে নিয়ে ভারতীয় শিবিরের সকলেও খুশি বলে জানিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *