ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪,০০০ কোটি টাকা আছে, জরিমানায় কিছু যায় আসে না! নাম তোলা নিয়ে জোকোভিচদের পাশে জ্বেরেব

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪,০০০ কোটি টাকা আছে, জরিমানায় কিছু যায় আসে না! নাম তোলা নিয়ে জোকোভিচদের পাশে জ্বেরেব

মন্ট্রিল মাস্টার্স থেকে নাম তুলে নিয়েছেন নোভাক জোকোভিচ, ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ়। এই ঘটনার পর টেনিস তারকাদের পাশে দাঁড়িয়েছেন আলেকজ়ান্ডার জ্বেরেব।

জরিমানার ভয় দেখিয়ে টেনিস তারকাদের দমিয়ে রাখা যাবে না বলে মনে করেন আলেকজ়ান্ডার জ্বেরেব। সম্প্রতি মন্ট্রিল মাস্টার্স থেকে নাম তুলে নিয়েছেন নোভাক জোকোভিচ, ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ়। এই ঘটনার পর টেনিস তারকাদের পাশে দাঁড়িয়েছেন জ্বেরেব।

চোট থাকায় আলকারাজ় নাম তুলে নিয়েছেন। বাকি দুই তারকা সুস্থ থাকলেও নামবেন না বলেই জানিয়েছেন। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ কানাডার টেনিস প্রতিযোগিতার আয়োজকেরা। ৩১ অগস্ট থেকে শুরু হবে প্রতিযোগিতা। শেষ মুহূর্তে নাম তুলে নেওয়ায় খেলোয়াড়দের জরিমানা করা হবে বলে জানা গিয়েছে।

তাতে বিশেষ লাভ হবে না বলেই মনে করেন পুরুষদের দু’নম্বর টেনিস তারকা জ্বেরেব। উইম্বলডন ফাইনালে সিনারের কাছে হেরে রানার্স হওয়া জ্বেরেব বলেন, “এটা কোনও রকেট সায়েন্স নয়। বছরের ন’টা এটিপি প্রতিযোগিতায় খেললে ভাল বোনাস পাওয়া যায়।” কিন্তু জোকোভিচের মতো খেলোয়াড়েরা অর্থের ভয় পান না বলেই মনে করেন তিনি।

জ্বেরেবের মতে, জোকোভিচের মতো তারকারা এখন শুধু নিজের পছন্দ অনুযায়ী প্রতিযোগিতায় নামেন। মূলত গ্র্যান্ড স্ল্যামে দেখা যায় তাঁদের। জার্মান তারকা বলেন, “আপনার কি মনে হয়, আরও বেশি বোনাস দিলে জোকোভিচ লোভে পড়ে খেলত? নাকি ওর জরিমানার ভয় আছে? আমার মনে হয়, ওর ব্যাঙ্কে প্রায় ৪০০০ কোটি টাকা আছে। তাতে কিছু কম বা বেশি হলে ওর কিছু যায় আসে না। একই কথা সিনারের ক্ষেত্রেও প্রযোজ্য।”

এটিপি প্রতিযোগিতায় না নামলে র‌্যাঙ্কিংয়ে সমস্যা হয়। তাতেও যে জোকোভিচের কিছু যায় আসে না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন জ্বেরেব। তিনি বলেন, “আমার মনে হয় না, জোকোভিচ এখন র‌্যাঙ্কিংয়ের কথা ভাবে। ও পছন্দ অনুযায়ী খেলবে। সেটাই স্বাভাবিক।”

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *